গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ভারতীয় কর্মকর্তাদের অপসারণসহ ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আর-কে সিরামিক কারখানার শ্রমিকরা।
রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনা বাজারের দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যার ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও পণ্যবাহী যানবাহন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা ও শিল্প পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করছে না। আন্দোলনরত শ্রমিকদের দাবি নূন্যতম বেতন ৭ হাজার টাকায় বৃদ্ধি, সব শ্রমিকদের তিন বছর পরপর পদোন্নতি, কারখানা থেকে ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহারসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। কারখানায় কর্মরত শ্রমিক আরিফ জানান, ভারতীয় কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ, প্রতি মাসে হাজিরা বোনাস ১৫০০ টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাই বন্ধ করা, বয়স্কভাতাসহ পুরাতন সকল সুযোগ-সুবিধা পুনরায় চালু করাসহ ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬