
“দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় চলছে গণভোট ২০২৬-এর জোরদার প্রচারণা। আজ কচুয়ার সাইনবোর্ড বাজারে জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে উপস্থিত হয় বিশেষ ‘ভোটের গাড়ি’।
কচুয়া উপজেলা প্রতিনিধি:
মোঃ সাইফুল ইসলাম
সরেজমিনে দেখা যায়, সাইনবোর্ড বাজারে নির্বাচন কমিশনের এই আয়োজন ঘিরে শত শত উৎসুক মানুষের ভিড়। প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ভিডিও প্রদর্শনী করে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে—কীভাবে নির্ভুলভাবে গণভোটে অংশগ্রহণ করতে হবে এবং তাদের একটি ভোট দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ ভিড় করেছেন এই ‘ভোটের গাড়ি’র সামনে। ভিডিওচিত্রের মাধ্যমে তারা হাতে-কলমে শিখছেন ভোট দেওয়ার সঠিক নিয়মাবলী।
আয়োজকরা জানান, আগামী ২০২৬ সালের নির্বাচনে যাতে কোনো ভোটার বিভ্রান্ত না হন এবং প্রত্যেকে যেন তাদের নাগরিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই জনসচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে। সাইনবোর্ড বাজারের এই জনসমাগম প্রমাণ করে, দেশের মানুষ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য কতটা উন্মুখ হয়ে আছে।