
রাজশাহীর পবায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও স্বাগত মিছিল
অপু দাস | রাজশাহী ব্যুরো প্রধান,
রাজশাহী, ২৩ ডিসেম্বর ২০২৫
রাজশাহীর পবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নওহাটা মহিলা কলেজ মাঠে পবা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন গতি সঞ্চার করবে। তিনি বলেন, দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করলেও তারেক রহমান কখনোই দেশের মানুষের মন থেকে বিচ্ছিন্ন হননি। নানা রাজনৈতিক বাধা ও ষড়যন্ত্রের পরও তার দেশে ফেরার পথ রুদ্ধ করা যায়নি।
তিনি আরও বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ সময় আসছে, যেখানে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে। তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে রায়হানুল আলম রায়হান বলেন, তারেক রহমানের দেশে ফেরা মানে গণতন্ত্রের পক্ষে নতুন আশার সঞ্চার। দীর্ঘদিন ধরে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হলেও জনগণের সমর্থন থেকে তাকে বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। তিনি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও সাহাদাত হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে স্বাগত মিছিলে বক্তব্য রাখেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন। বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করবে এবং একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।