
দুপচাঁচিয়া পিন্টু আকন্দ হ ত্যা মা মলা র অন্যতম সন্দিগ্ধ গ্রে ফ তা র
আল মামুন তালুকদার
বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ার দুপচাঁচিয়ায় আলোচিত লোটো শোরুম ম্যানেজার পিন্টু আকন্দ হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি মোঃ জেলহজ আলী (৩০) কে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১২ সিপিএসসি বগুড়া, র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ও র্যাব-৪ সিপিএসসি-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৫টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলার সদর থানাধীন পশ্চিম কোমরনই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আব্দুল ওয়াহেদ মিয়ার বসতবাড়ি থেকে জেলহজ আলীকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিমকার্ডসহ গ্রেফতার করা হয়।
নিহত পিন্টু আকন্দ (৩৮) নওগাঁ জেলার রানীনগর থানার লোহাচুড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিন আকন্দের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটে তৌফিক এলাহী সুজনের মালিকানাধীন লোটো শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার দিন ২২ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৯টা ৭ মিনিটে শোরুম বন্ধ করার সময় অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত শোরুমে প্রবেশ করে পিন্টু আকন্দকে জোরপূর্বক টেনে হেঁচড়ে একটি ঢাকা মেট্রো-চ ১৫-৩২৬৮ নম্বর হাইয়েস মাইক্রোবাসে তুলে নেয়। পরে আদমদীঘি থানাধীন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ গ্রামের একটি পুকুরের উত্তর পাশের পাকা সড়কে মাইক্রোবাসের ভেতরেই তাকে হত্যা করে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সাবিনাজ খাতুন (৩৫) বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে গ্রেফতারকৃত জেলহজ আলী গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।