
সাহের আলী রৌমারী উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প সংলগ্ন ঈদগাঁ মাঠে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এবং বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) পদাতিক হাসানুর রহমান। এ সময় মোট ৩০০ জন হতদরিদ্র, গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।কনকনে শীতের মধ্যে কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন এলাকার ছিন্নমূল ও দরিদ্র মানুষজন। তারা বিজিবির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার এইচ এম জাহিদ, জামালপুর-৩৫ বিজিবির নায়েব সুবেদার ওয়াহিদুর রহমান, দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধেই নয়, সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এমন কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান।