আবু বকর সিদ্দিক
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।খিদিরপাড়া ইউনিয়নের ধাইরপাড়া গ্রামে জান্নাত (২১) নামের ওই গৃহবধূর মৃত্যু হত্যা না আত্মহত্যা-তা নিয়ে চলছে নানা আলোচনা।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে স্বামী আনোয়ারের বাড়ি থেকে জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাত লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।দুই বছর আগে তার বিয়ে হয় এবং সংসারে সাত মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে।নিহতের পরিবার দাবি করেছে, জান্নাত দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার ছিলেন।তাদের অভিযোগ,পরিকল্পিতভাবে জান্নাতকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে।
এদিকে ঘটনার পারিপার্শ্বিকতা স্বাভাবিক আত্মহত্যার সঙ্গে মিলছে না বলেও জানান স্থানীয় একাংশ। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) নওপাড়া বাজার এলাকায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে হত্যার অভিযোগে দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।বক্তারা অভিযোগ করেন,থানা পুলিশ প্রথমে হত্যা মামলা নিতে গড়িমসি করেছে।এখনো মামলায় হত্যা ধারা যুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।এছাড়া ঘটনার দিন আটক কয়েকজনকে ছেড়ে দেওয়ার অভিযোগও তোলা হয়।মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
লৌহজং থানার ওসি জানান,একটি মামলা গ্রহণ করা হয়েছে।সুরতহাল প্রতিবেদনে হত্যার সুস্পষ্ট আলামত না পাওয়ায় হত্যা ধারা যুক্ত হয়নি বলে তিনি জানান।ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃতি নির্ধারণ করা হবে।পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।এদিকে জান্নাতের মৃত্যুতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬