রাজশাহীতে ওসমান হাদী হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
অপু দাস |
| রাজশাহী ব্যুরো প্রধান |রাজশাহী | ২৮ ডিসেম্বর ২০২৫ |
শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
রোববার দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় ১৫ থেকে ২০ জন আন্দোলনকারী সড়কের ওপর অবস্থান নেন। একপর্যায়ে তারা টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শরিফ ওসমান হাদী হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। তারা বলেন, এ ধরনের ঘটনার বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি আরও জোরালো হচ্ছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মহাসড়ক অবরোধের ফলে রাজশাহী–নাটোর সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন।
এদিকে একই দাবিতে নগরীর তালাইমারী এলাকায়ও মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা। আন্দোলনকারীরা জানান, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬