
মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার (রাজশাহী) :
রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকার বাছেরের মোড়ে খোলা বাজারে লাইসেন্সবিহীন দোকানে পেট্রোল ও অকটেন বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের দায়ে একাধিক দোকানিকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধ বিক্রয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজু বলেন, লাইসেন্স ছাড়া পেট্রোল ও অকটেন বিক্রয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সরকার জনস্বার্থে এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে আরও কার্যকর করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।উল্লেখ্য, অভিযানের সময় জনসাধারণের মাঝে জ্বালানি তেলের নিরাপদ ব্যবহার ও আইনসম্মত ব্যবসা পরিচালনা বিষয়ে সচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়।