
নার্গিস আক্তার (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির নিজস্ব প্রশিক্ষণ হলে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই ‘নির্বাচনী তফসিল-২০২৬’ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের মাধ্যমে সমবায়ীরা সরাসরি ভোটের মাধ্যমে একজন সভাপতি, একজন সহ-সভাপতি এবং ৬টি নির্বাচনী এলাকা (ব্লক ১-৬) থেকে ৬ জন ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত করবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রধান সময়সূচি: মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ: আগামী ১১ ও ১২ জানুয়ারি (সকাল ১০টা থেকে দুপুর ৩টা)। মনোনয়নপত্র দাখিল: ১৪ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই: ১৫ জানুয়ারি সকাল ১১টায়। আপিল গ্রহণ ও শুনানি: ১৮ থেকে ২২ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৫ জানুয়ারি দুপুর ১টায়।প্রতীক বরাদ্দ: ২৬ জানুয়ারি বিকেল ৩টায়। ভোট গ্রহণ ও ফলাফল: ৩ ফেব্রুয়ারি ২০২৬। নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং বিস্তারিত তথ্য সমিতির নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই স্থানীয় সমবায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।