
আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার মালিকানাধীন ডেকোরেশন দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।গতকাল গভীর রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া ভাঙ্গা এলাকায় অবস্থিত‘সুন্দরী ডেকোরেশন-এর তালা ভেঙে চোরেরা লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
দোকানটির মালিক মোঃ মোশারফ হোসেন খান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর হলদিয়া ইউনিয়নের সভাপতি ও রুকন হিসেবে দায়িত্ব পালন করছেন।ভুক্তভোগী জানান, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। আজ ভোর সাড়ে ৭টার দিকে দোকানে এসে তিনি তালা ভাঙা অবস্থায় দেখতে পান।
পরে দোকানের ভেতরে প্রবেশ করে দেখতে পান বহু মালামাল চুরি হয়ে গেছে।চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে পাতিল,পাতিলের ঢাকনা,লগগন, ত্রিপালসহ ডেকোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী।চুরির ফলে আর্থিক ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে দাবি করেন তিনি।খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের পরামর্শে তিনি লৌহজং থানায় যান। সেখানে গিয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।থানা সূত্রে জানা যায়,অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে।চুরির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এদিকে সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা রাতে টহল জোরদারের দাবি জানিয়েছেন।ভুক্তভোগী দ্রুত চোর শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।