
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃ ত্যু তে রাজশাহীতে শোকের আবহ
অপু দাস | রাজশাহী ব্যুরো প্রধান | রাজশাহী |
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে নেমে এসেছে গভীর শোক। তার ইন্তেকালে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শোক প্রকাশ করছেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়। অনেককে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সকাল থেকেই নগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
এ উপলক্ষে এদিন বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই দিনে নগরীর বিসিক এলাকাতেও পৃথকভাবে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের উদ্যোগ নেন রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রীকে হারালো। তারা আরও বলেন, তার আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।