বগুড়ায় কলেজে গাঁজা সেবনে বাধা দিলে ছাত্রকে ছুরিকাঘাত
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদরের নূনগোলা ডিগ্রি কলেজে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত ছাত্রের নাম রেদওয়ান।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ক্যাম্পাসে মাহিন ও তার দুই সহযোগী প্রকাশ্যে গাঁজা সেবন করছিল। এ সময় কলেজের ছাত্র রেদওয়ান তাদের গাঁজা সেবনে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে রেদওয়ানের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ কলেজ শিক্ষার্থীরা হামলাকারীদের ধাওয়া করে আটক করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তিনজনকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বার্মিজ চাকু, গাঁজা সেবনের একটি কল্কি এবং অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আহত ছাত্র রেদওয়ানকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬