
চাঁদপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ইসরাত জাহান বিন্দু। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও যুব শক্তির এই নেত্রী সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান।
জুলাই শহীদ পরিবারের উপস্থিতিতে মনোনয়নপত্র সংগ্রহ, গত ২৮ ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্য এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিন্দু। এনসিপি সারাদেশে যে ১২৫টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে তাকে ‘শাপলা-কলি’ প্রতীক নিয়ে চাঁদপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হয়েছিল।
সরে দাঁড়ানোর ঘোষণা ও তরুণ প্রজন্মের ওপর আস্থা, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইসরাত জাহান বিন্দু তার ফেসবুক পোস্টে লেখেন, “দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই আমার আজকের এই বক্তব্য। আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমার দৃঢ় বিশ্বাস, এই দেশের সংসদে তরুণ প্রজন্মের জায়গা হবেই। আজ না হলে আগামীকাল। আমার বিশ্বাস হারায়নি বরং আরও শক্ত হয়েছে।
নির্বাচনী প্রচারণার জন্য তিনি ‘ক্রাউড ফান্ডিং’ বা জনসাধারণের কাছ থেকে অনুদান সংগ্রহ করেছিলেন। প্রার্থিতা প্রত্যাহারের পর সেই অর্থ সসম্মানে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও আস্থার কাছে আমি ঋণী। যারা অনুদান ফেরত চান, তাদের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে। সংখ্যায় একজন হলেও মানুষের অর্থ মানুষের হাতেই ফিরিয়ে দেওয়া আমার দায়। আমি ধাপে ধাপে সবার অনুদান বিকাশের মাধ্যমে ফেরত দেব। আমাকে শুধু একটু সময় দিন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ স্পষ্ট না করলেও বিন্দুর এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, “নির্বাচন না করলেও মতলবের মানুষের সুখে-দুখে আমি সবসময় পাশে থাকব। আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম। সবশেষে তিনি অনুদানকারী ও সমর্থকদের হতাশ করার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ধৈর্য ধরার আহ্বান জানান।