মোঃ রাকিব হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানকে ঘিরে একটি মানবিক ঘটনা স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিএনপির এক কর্মী তার মনোনয়ন ফরমের জামানতের জন্য জমানো টাকা উপহার হিসেবে নিজানের হাতে তুলে দেন। তবে নিজান সেই অর্থ গ্রহণ করলেও সঙ্গে সঙ্গে তা ওই কর্মীর বাবা-মায়ের জন্য ফেরত দিয়ে দেন, যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।ভিডিওতে দেখা যায়, কমলনগরের নিজ বাসভবনে গিয়ে মো. সোহাগ উদ্দিন রানা নামের এক বিএনপি সমর্থক আশরাফ উদ্দিন নিজানকে ৫০ হাজার টাকা প্রদান করেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি বই ও ‘আগামীর বাংলাদেশ’ শিরোনামের একটি ডায়েরিও উপহার দেন।সোহাগ উদ্দিন রানা রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হারুন বাজার এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং স্থানীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।সোহাগ জানান, আশরাফ উদ্দিন নিজান ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। বিশেষ করে ২০১৩ সালে শাপলা চত্বরে আলেম-ওলামাদের ওপর দমন-পীড়নের ঘটনার পর জাতীয় সংসদে দেওয়া তার সাহসী বক্তব্য তাকে অনুপ্রাণিত করে। তখন থেকেই তিনি সিদ্ধান্ত নেন, নিজান আবার প্রার্থী হলে তার মনোনয়ন ফরমের টাকা নিজেই দেবেন। সেই লক্ষ্যেই তিনি দীর্ঘদিন ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছেন।স্থানীয়রা বলছেন, আশরাফ উদ্দিন নিজান শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং দলমতের ঊর্ধ্বে উঠে একজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবেও পরিচিত। ভক্তের দেওয়া অর্থ ফিরিয়ে দেওয়ার ঘটনাটি তার সেই মানবিক ভাবমূর্তিকেই আরও স্পষ্ট করেছে।এ বিষয়ে আশরাফ উদ্দিন নিজান বলেন,রাজনীতি আমার কাছে মানুষের পাশে দাঁড়ানোর নাম। একজন কর্মী ভালোবাসা থেকে যা দিয়েছেন, আমি তা সম্মানের সঙ্গে গ্রহণ করেছি। তবে ওই টাকা আমি তার বাবা-মায়ের জন্য ফিরিয়ে দিয়েছি। মানুষের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬