কোডেকের উদ্যোগে মাদারীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মো. সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। তীব্র শীতের প্রকোপ থেকে সুরক্ষা দিতে মাদারীপুর সদর শাখার পক্ষ থেকে স্থানীয় দুঃস্থ ও সুবিধাঞ্চিত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ) দুপুরে খাগদি বাসস্ট্যান্ড সংলগ্ন কোডেক কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।
মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুইশত শীতার্ত মানুষের হাতে এই শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি.এম. আসাদুজ্জামান। অনুষ্ঠানে কোডেকের জোনাল ব্যবস্থাপক মো. হুমায়ন কবির এবং এলাকা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটি তদারকি করেন। এছাড়াও শাখা ব্যবস্থাপক মো. শাহিন পাঠান ও উপ-ব্যবস্থাপক সবুজ মন্ডলসহ সংস্থার অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকালে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই কোডেক সব সময় প্রান্তিক মানুষের প্রয়োজনে এগিয়ে আসে। এ বছর শীতের তীব্রতা বেশি হওয়ায় অসহায় পরিবারগুলোর কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস চালানো হয়েছে। বিনামূল্যে মানসম্মত কম্বল হাতে পেয়ে উপস্থিত বৃদ্ধ ও নারীদের চোখে-মুখে আনন্দের আভা পরিলক্ষিত হয়। উপকারভোগী পরিবারগুলো এই সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কোডেক এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুধু এবারই নয়, আগামীতে জনকল্যাণমূলক এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে। খাগদি এলাকার শীতার্ত দুইশত মানুষের মাঝে সুশৃঙ্খলভাবে এই বস্ত্র পৌঁছে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬