মো. সাব্বির আহমেদ স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ( ৯ জানুয়ারি ) বিকেলে চীন মৈত্রী সেতু সংলগ্ন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বিকেলে পখিরা এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে আরোহীরা ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান। উপস্থিত স্থানীয় জনতা তাৎক্ষণিক এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের প্রাথমিক সেবা প্রদান করেন।আহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের রাজু (১৮), যিনি মো. নয়নের ছেলে এবং পুরান বাজার এলাকার মো. সোহেলের ছেলে রিয়াদ (২১)। অন্য একটি মোটরসাইকেলে থাকা হরিকুমারিয়া এলাকার দুই কিশোর সিয়াম (১৭) ও পাভেল (১৭) গুরুতর আঘাত পেয়েছেন।
কর্তব্যরত চিকিৎসকদের মতে, সিয়াম ও পাভেলের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে রাজু ও রিয়াদ বর্তমানে মাদারীপুর জেলা সদর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬