মুফতি মুহাম্মদ হুজাইফা (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ।
শাব্বীর আহমদ শিবলী
বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মুহাম্মদ হুজাইফা (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী এবং সেক্রেটারি জেনারেল জাকারিয়া হুসাইন জাকির।
আজ ০৮ জানুয়ারি ২০২৬, রাত ৮:১০ ঘটিকায় ধামরাই নিজ বাসায় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শোক প্রকাশ করে যৌথ বার্তায় নেতৃবৃন্দ বলেন: “মুফতি মুহাম্মদ হুজাইফা (রহ.)-এর ইন্তেকালে আমরা একজন অভিভাবককে হারালাম। সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি সর্বদা সংগঠনের খোঁজখবর রাখতেন এবং অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কেও আন্তরিকভাবে পরামর্শ দিতেন। তাঁর পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস। তাঁর ইন্তেকাল সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।”
তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন।”
উল্লেখ্য, মুফতি মুহাম্মদ হুজাইফা (রহ.) দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত রোগে ভুগছিলেন। তিনি ১৯৭৫ সালের ১ মার্চ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসাসহ দেশের বিভিন্ন স্বনামধন্য কওমি মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্ন করেন। মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ৫০ বছর।
তিনি (২০০৭–২০০৮) অর্ধ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সর্বোচ্চ দায়িত্ব কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি ইসলামপুর, ধামরাই, ঢাকার কাসিমুল উলূম শরীফিয়া বালিকা মাদ্রাসায় নাযিমে তা'লিমাত বা শিক্ষাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ছাত্র রেখে গেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইকে তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুন। আমীন
মরহুমের জানাজার নামাজ আগামীকাল ৯ জানুয়ারি বাদ জুমু'আ নিজ এলাকা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে অনুষ্ঠিত হবে।
ইনশাআল্লাহ ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬