প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মাদারীপুরে দুইজন আটক
মো. সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন জালিয়াতি ও অবৈধ উপায়ে উত্তর সংগ্রহের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন আনসার সদস্য এবং অন্যজন একজন গৃহিণী। শনিবার(১০ জানুয়ারি ) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সারাদেশে একযোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন মাদারীপুর শহরের পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেন অমৃত মণ্ডল নামে এক যুবক। দায়িত্বরত কর্মকর্তারা তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেন, যাতে পরীক্ষার উত্তরপত্র পাওয়া যায়। অমৃত মণ্ডল বর্তমানে ঢাকার মতিঝিল এলাকায় আনসার সদস্য হিসেবে কর্মরত এবং তিনি কালকিনি উপজেলার জুরগাঁও গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, একই দিনে সদর উপজেলার চরমুগরিয়া মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে লাভলী বেগম নামে এক নারীকে আটক করেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম। আটক লাভলী বেগম সদর উপজেলার ছয়না এলাকার বাসিন্দা। জানা গেছে, কেন্দ্রের সামনে বসে তিনি হাতে লেখা একটি নোট পড়ছিলেন, যার সাথে পরীক্ষার মূল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নজরে বিষয়টি এলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, গতকালকের এই অনিয়মের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে। এই জালিয়াতি চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬