
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও এলাকায় সহিংসতা ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ ১০ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানটি পরিচালনা করে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল।সেনাবাহিনী সূত্র জানায়,আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান জোরদার করা হয়েছে।নিয়মিত অভিযানের অংশ হিসেবেই বালিগাঁও এলাকায় তল্লাশি চালানো হয়।অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এছাড়াও ২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।পাশাপাশি ২০০টিরও বেশি শনাক্তহীন মাদকদ্রব্য উদ্ধার করে সেনাসদস্যরা।মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট নগদ ৪ লাখ ৯৩ হাজার ২৫ টাকাও উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা টংগিবাড়ী উপজেলার চিহ্নিত ও দীর্ঘদিনের অবৈধ মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।স্থানীয়দের মাঝে তাদের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ আগে থেকেই ছিল।অভিযান শেষে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টংগিবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।একই সঙ্গে জব্দকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থও পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে,মুন্সিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা তৎপর রয়েছে।যেকোনো ধরনেরসন্ত্রাসী,নাশকতামূলক ও অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।একই সঙ্গে এলাকাবাসীর প্রতি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে।