
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যশলদিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।শনিবার দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া উৎসবে বিদ্যালয় মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
বিরতির পর বিকেল ৪টার দিকে শুরু হয় দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা।বিদ্যালয় মাঠে কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।ক্রীড়া প্রতিযোগিতায় ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়,দীর্ঘলম্ফ,উচ্চলম্ফ,গোলক নিক্ষেপসহ মোট ৮টি ইভেন্টে প্রায় ৪৮টি খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে অতিথিদের অংশগ্রহণে বালিশ খেলা ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা দর্শকদের মাঝে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস ছড়ায়।উচ্ছ্বসিত দর্শকরা করতালি ও উৎসাহের মাধ্যমে প্রতিযোগীদের অনুপ্রাণিত করেন।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বাসিত সাত্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশলদিয়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সাবেক সভাপতি গাজী মাহবুবুর রহমান।এছাড়া উপস্থিত ছিলেন পদ্মা সেতুর উত্তর থানার সেকেন্ড অফিসার মিঠুন বৌদ্ধ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাহবুবা নাসরিন কেয়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান খান।বক্তারা বলেন,পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা,নেতৃত্ব ও সৌহার্দ্যবোধ গড়ে তোলে।অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী আয়োজনের পরিসমাপ্তি ঘটে।