অপু দাস, রাজশাহী ব্যুরো প্রধান
রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) দীর্ঘ এক বছরব্যাপী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।এই কুচকাওয়াজে মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ৮৭ জন নবীন কর্মকর্তা ছাড়াও ২৮, ৩৫, ৩৬, ৩৭ ও ৪০তম বিসিএসের কয়েকজন কর্মকর্তা প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন। কুচকাওয়াজে অংশগ্রহণকারী কর্মকর্তারা সুসংগঠিত শৃঙ্খলা ও দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণকালে অর্জিত পেশাগত সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।নির্বাচনকালীন সময়ে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ সময় কোনো প্রার্থী, এজেন্ট কিংবা সংশ্লিষ্ট কারও কাছ থেকে আর্থিক সুবিধা, উপহার বা খাবার গ্রহণ করা যাবে না। সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন নিশ্চিত করা গেলে এই নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম নিরপেক্ষ নির্বাচন হিসেবে বিবেচিত হবে।তিনি আরও বলেন, জনগণ এমন পুলিশ বাহিনী প্রত্যাশা করে যারা ভয় সৃষ্টি করবে না, বরং মানুষের আস্থা অর্জন করবে। সেবামুখী, ভদ্র, মানবিক ও জনবান্ধব আচরণ পুলিশের পরিচয় হওয়া উচিত। দুর্নীতিকে রাষ্ট্রের বড় শত্রু আখ্যায়িত করে তিনি নবীন কর্মকর্তাদের বেআইনি আদেশ, অনৈতিক চাপ এবং স্বার্থান্বেষী কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।অনুষ্ঠানের এক পর্যায়ে প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে ‘বেস্ট প্রবেশনার’ হিসেবে নির্বাচিত হন এএসপি মোহাম্মদ সাজ্জাদ হোসেন।এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষ করার পর নবীন সহকারী পুলিশ সুপাররা দেশের বিভিন্ন জেলায় ছয় মাসব্যাপী মাঠপর্যায়ের বাস্তব প্রশিক্ষণে অংশ নেবেন। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন এবং ভবিষ্যতে আরও দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে উঠবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬