
উজ্জ্বল চন্দ্র মন্ডল,
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আব্বাস চৌধুরী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্বাস চৌধুরী ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আবুল জমাদ্দারের সঙ্গে শহীদ মাতুব্বার ও আব্বাস চৌধুরীর বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন আব্বাস চৌধুরীসহ বেশ কয়েকজনকে কুপিয়ে মারাত্মক জখম করে।
আহত অবস্থায় আব্বাসকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন চিকিৎসকরা। পরে স্বজনরা তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।