অপু দাস, ব্যুরো প্রধান রাজশাহী,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশব্যাপী নির্বাচনী প্রচারণা জোরদার করছে।এরই ধারাবাহিকতায় আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে আগমন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।তার এই সফরকে ঘিরে রাজশাহী মহানগর ও জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনু-এর বাসভবনে অনুষ্ঠিত এক সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত।
তিনি জানান, তারেক রহমানের রাজশাহী সফর বিএনপির নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরের মূল কর্মসূচি হিসেবে তিনি নগরীর ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত এক বৃহৎ নির্বাচনী জনসভায় অংশ নেবেন, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।সৈয়দ শাহীন সৈকত আরও বলেন, “এই জনসভায় বিএনপি চেয়ারম্যান দলের নির্বাচনী অঙ্গীকার, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির অবস্থান তুলে ধরবেন। এতে করে ভোটারদের কাছে দলের বার্তা স্পষ্টভাবে পৌঁছাবে।সূত্রে জানা গেছে, ২৮ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি সরাসরি রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। জনসভায় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে নির্বাচনী প্রতীক হস্তান্তর করবেন।জনসভা শেষে বিকেলে তিনি নওগাঁয় অনুষ্ঠিতব্য আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। নওগাঁর কর্মসূচি শেষ করে পরে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।উল্লেখ্য,এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহীর পাঁচটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬