মোঃ শরীফ উদ্দিন মোল্লা (লালমনিরহাট)
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমন্বয়কদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাসাইটারী এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পুরো উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কাসাইটারী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আফজাল হোসেন বলেন, "জামায়াতে ইসলামীর এখন পায়ের তলায় মাটি নেই। তারা আসন্ন নির্বাচন বানচাল করতে এবং দেশটাকে অস্থিতিশীল করার জন্য সুপরিকল্পিতভাবে এই সংঘর্ষে জড়িয়েছে।"
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সমর্থক ও স্থানীয় ব্যবসায়ী আল-আমিন অভিযোগ করে বলেন, "আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। হঠাৎ কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে এসে আমার বোনের বাড়িতে হামলা চালায় এবং আতঙ্ক সৃষ্টি করে। সংঘর্ষের খবর পেয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থার আশ্বাস দেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পুলিশ বলছে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬