
নাটোর জেলা প্রতিনিধি: মোঃ আলমগীর কবির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর–৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।নির্বাচনী প্রচারণাকালে মাওলানা মোঃ আব্দুল হাকিম ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচিত হলে কৃষকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, মৎস্যজীবীদের টেকসই কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক আইসিইউ স্থাপন, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়নসহ দুই উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি কৃষি ও কারিগরি শিক্ষা বিস্তারে পৃথক ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি।গুরুদাসপুর ও বড়াইগ্রামের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন জামায়াত প্রার্থী। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।স্থানীয় নেতাকর্মীদের দাবি, প্রার্থীর ধারাবাহিক গণসংযোগ ও উন্নয়নমুখী অঙ্গীকারে ভোটারদের আগ্রহ বাড়ছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকলে এ আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।