
জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুই মৌচাষি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চরবালিয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রানা আহমেদ (২৭) এবং একই উপজেলার মোক্তার হোসেনের ছেলে মো. লিখন (১৮)।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে একটি ট্রাকে করে বেশ কয়েকজন মৌচাষি তাদের মৌমাছির বাক্স নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার দিকে যাচ্ছিলেন। ভোর ৫টার দিকে ট্রাকটি ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানা ও লিখনের মৃত্যু হয়। ট্রাকে থাকা আরও একজন গুরুতর আহত হন।খবর পেয়ে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।