হোসেনপুরে ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম বহাল, নির্বাচন ঘিরে বাড়ছে উদ্বেগ
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ থেকে,
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভোটার তালিকায় বহু মৃত ব্যক্তির নাম বহাল থাকার অভিযোগ উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে। সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়,হোসেনপুর উপজেলার শুধু দক্ষিণ গোবিন্দপুর এলাকায় এই ভোটার তালিকা যাচাই করতে গিয়ে একাধিক মৃত ব্যক্তির নাম এখনও তালিকায় থাকার তথ্য পাওয়া গেছে। এলাকাবাসীর দাবি, দক্ষিণ গোবিন্দপুরের বাসিন্দা আসাদুর রহমান ভূইয়া প্রায় তিন বছর আগে মারা গেছেন। একইভাবে আলাল উদ্দিন ও দীলিপ চন্দ্র দাস প্রায় তিন বছর আগে মৃত্যুবরণ করলেও তাদের নাম এখনও ভোটার তালিকায় রয়েছে। স্থানীয়রা জানান, গিয়াস উদ্দিন মেম্বার ২০১০ সালে মৃত্যুবরণ করেন। এছাড়া ফজর আলী, তাহের উদ্দিন ও মতিউর রহমান প্রায় দুই বছর আগে মারা গেছেন। নারায়ণ চন্দ্র রবিদাস প্রায় চার বছর আগে, রোকেয়া বেগম এক বছর আগে এবং মহর উদ্দিন প্রায় আট বছর আগে মারা গেলেও তাদের নাম এখনও ভোটার তালিকায় জীবিত হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও আম্বিয়া খাতুন, জুবেদা খাতুন, ছাফিয়া সুলতানা, আব্দুল হেকিম, কাজল চন্দ্র দাস, ফজলুল করিম আকন্দ, আয়ুব আলী ও ঠান্ডার মা নামের মৃত ব্যক্তিদের নামও ভোটার তালিকায় থাকার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। দক্ষিণ গোবিন্দপুরের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় থাকায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত ভোটার তালিকা হালনাগাদ করে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার দাবি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নিয়মিত হালনাগাদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকলে সংশ্লিষ্ট পরিবারের সদস্য বা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে যাচাই-বাছাই করে তা সংশোধন করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তারা বলেন, “নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। মৃত ভোটারদের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহলের মতে, একটি সঠিক ও হালনাগাদ ভোটার তালিকা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা আরও নির্ভুল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬