
মোঃ বায়েজিদ হাসান চট্টগ্রাম জেলা প্রতিনিধ চট্টগ্রাম
২(ফটিকছড়ি–ভূজপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে লিগ্যাল এইড (আইনজীবী) টিমের উদ্যোগে বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক ব্রিফিং উপস্থাপন করেন অধ্যক্ষ নুরুল আমিনের আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি। তিনি জানান,৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রী. আপিল বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৪৪০/২০২৬ মামলায় আগামী ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর অংশগ্রহণ করার অনুমতি পেলেও, যদি তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হয়ে থাকেন, তবে উক্ত আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা (যতোটুকু প্রার্থী হিসেবে তার জন্য প্রযোজ্য )সংশ্লিষ্ট আপিল মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে মর্মে সংক্ষিপ্ত আদেশে উল্লেখ রয়েছে।মনোনয়ন বৈধতার বিরুদ্ধে অধ্যক্ষ নুরুল আমিন কর্তৃক দায়েরকৃত আপিল সুপ্রিম কোর্ট গ্রহণ করেছেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত চূড়ান্ত শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ প্রদান করেছেন।এর ফলে বর্তমান পরিস্থিতিতে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করা সম্ভব নয় বলে জানান আইনজীবীরা।সংবাদ সম্মেলনে আইনজীবী টিম আরও অভিযোগ করে বলেন, সরোয়ার আলমগীরের প্রতীক বরাদ্দ ও মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নির্বাচন আইন ও প্রচলিত আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তাদের দাবি, জেলা নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি বিধান অনুসরণ না করে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।আইনজীবীরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি ধাপে আদালতের রায় মেনে চলা সকলের দায়িত্ব।এ সময় আইনজীবী টিমের অপর সদস্য অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস বলেন, সর্বোচ্চ আদালতে দায়েরকৃত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর নির্বাচিত হলেও তার ভোটের ফলাফল ঘোষণা করা আইনত সম্ভব নয়।আইনজীবীদের বক্তব্যে আরও ইঙ্গিত পাওয়া যায় যে, আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম পরিচালিত হলেও বিএনপি প্রার্থীর প্রাপ্ত ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা যাবে না।সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন,আমি দীর্ঘদিন ধরে ফটিকছড়িবাসীর পাশে আছি এবং আগামীতেও থাকব, ইনশাআল্লাহ। তবে কোনো ঋণখেলাপি, ব্যাংক ডাকাত, সন্ত্রাস ও চাঁদাবাজিকে আর চলতে দেওয়া হবে না।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুরুল আমিনের আসন পরিচালক আব্দুল জব্বার, আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট হাবিবুল্লাহ।এছাড়াও উপস্থিত ছিলেন আসন কমিটির সদস্য ও সদস্য সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, আসন কমিটির সদস্য ইউসুফ বিন সিরাজ, আবু জাফর,নবীর হোসেন মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।