
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি: মোঃ আলমগীর কবির
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে এক বৃহৎ গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি চাঁচকৈড় বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা নির্বাচনী পরিবেশে মুখর হয়ে ওঠে।পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি সৎ, জবাবদিহিমূলক ও জনকল্যাণভিত্তিক নেতৃত্ব নিশ্চিত করবেন এবং কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি বা অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। তিনি ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি আরও বলেন, ধর্মীয় ব্যক্তিত্বদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়া হবে। গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সেক্রেটারি সাদেকুর রহমান, নাটোর-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, এনসিপির উপজেলা সভাপতি তাইজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম, সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভা শেষে মাগরিবের আজান হলে মাওলানা আব্দুল হাকিমের নেতৃত্বে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা মাঠেই নামাজ আদায় করেন।গণমিছিল ও পথসভায় ব্যাপক জনসমাগম নাটোর-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী গুরুত্বকে আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।