
বিশেষ প্রতিনিধি :ইমন রহমান
ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র্যাব-৮) ভোলা ক্যাম্পের সদস্যরা।গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ঘাট এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।র্যাব-৮, বরিশালের অধীনস্থ ভোলা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভেদুরিয়া ফেরিঘাটের ইকবাল স্টোরের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা মো. মনু মিয়া (৫৮) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা মো. আসলাম (৫২)।উদ্ধারকৃত গাঁজাসহ তাঁদের আটক করা হয়।র্যাব ৮ ভোলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তাঁরা দীর্ঘদিন ধরে যানবাহনের ভেতরে কৌশলে গাঁজা লুকিয়ে ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।কোম্পানি কমান্ডার অভি আরো জানান মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ চাঞ্চল্যকর অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি ।