
লামা উপজেলা প্রতিনিধি আজিজুল হাকিম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবান আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। তিনি মোট ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার পর জেলা শহরে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।ঘোষিত ফলাফলে দেখা যায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট এবং জাতীয় পার্টি প্রার্থী সৈয়দ ওয়ালী উল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ভোট।অন্যদিকে, এই আসনে অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোটের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি।নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।