
এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা শুরু রবিবার থেকে।
শিব চতুর্দশী পূজা ও মেলাকে কেন্দ্র করে মহেশখালীর মৈনাক পাহাড়ের পাদদেশে প্রতি বছর বসে সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা। শুধু সনাতনী সম্প্রদায়ই নয়, এই মিলনমেলায় সামিল হন দেশ-বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের নর-নারী। প্রায় দুইশ’ বছরেরও বেশি সময় ধরে “আদিনাথ মেলা” নামে পরিচিত এই ঐতিহ্যবাহী আয়োজন প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয়ে আসছে।প্রতি বছর শিব চতুর্দশী পূজা ও মেলা উপলক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান সহ কয়েকটি দেশ থেকে হাজার হাজার পূজারী ও পর্যটক এসে জমায়েত হন। ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে দেবাদিদেব শিবের আশীর্বাদ লাভের আশায় হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন ও পূজা করে থাকেন।
ইতোমধ্যে এই মেলায় যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পূজারী ও পর্যটকরা আসতে শুরু করেছেন আদিনাথ মন্দিরে। পূজারী আর পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া। বসেছে হরেক রকমের গ্রামীণ মেলার দোকান।শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রতন কান্তি দে বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও সুশৃঙ্খল ভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ও ভক্তবৃন্দদের জন্য থাকার সু-ব্যবস্থা থাকবে। সাত দিনব্যাপী এই মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে।মহেশখালী থানা ওসি মো. মজিবুর রহমান বলেন, “আদিনাথ মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপারের সহযোগিতায় মহেশখালী থানা পুলিশের বিশেষ একটি টিম সর্বক্ষণিক টহলে থাকবে। মেলায় আগত পূজারী, ভক্ত ও অনুরাগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সাত দিন ব্যাপী এই মেলা আগত দর্শনার্থী ও ভক্তদের ধর্মীয় ও সাংস্কৃতিক চাহিদা পূরণের পাশা পাশি মহেশখালীর ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।