
শিমুলিয়া-ভাঙ্গা রোডে অটোভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত,একজনের অবস্থা গুরুতর।
আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া-ভাঙ্গা সড়কে অটোভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,শিমুলিয়া-ভাঙ্গা রোডে দ্রুতগতিতে চলার সময় দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে অটোরিকশা ও অটোভ্যান দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই তিনজন আহত হন।আহতদের মধ্যে ফারুক (পিতা: রশিদ শেখ) গুরুতর আহত হয়েছেন।
অপর আহতরা হলেন মোশারফ হোসেন খান (পিতা: রুস্তম আলী খান) ও অটোচালক রুবেল (পিতা: কালাম মোল্লা)।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।গুরুতর আহত ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, অসতর্কতা ও বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।খবর পেয়ে স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা সড়কে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।বিশেষ করে শিমুলিয়া-ভাঙ্গা সড়কে গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।