বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ হাটের সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে প্রশাসন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল হক ব্যবসায়ীদের এই মৌখিক নির্দেশনা প্রদান করেন। সরেজমিনে জানা গেছে, রামনাথ বাজারে সরকারি জমিতে ছোট-বড় প্রায় ৩৫টি দোকান রয়েছে। এসব স্থাপনা সরাতে ইতিপূর্বে গত বছরের ২ সেপ্টেম্বর এবং চলতি বছরের ১৪ জানুয়ারি লিখিত নোটিশ দেওয়া হয়েছিল। সর্বশেষ বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে পুনরায় চূড়ান্ত মৌখিক নির্দেশনা দেওয়া হয়।এদিকে প্রশাসনের এমন নির্দেশনার পর বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতর পর্যন্ত সময় চেয়ে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন তারা।স্থানীয় মুদি দোকানি আশরাফুল আলম,মানিকশা এবং সেলুন মালিক শুক্রঠাকুর জানান,গ্রামের এই বাজারে দ্বিতল মার্কেট নির্মাণ করলে ওপরতলায় ক্রেতা উঠবে না। এতে তারা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তাদের দাবি, বিদ্যমান মার্কেটটি সংস্কার করা হোক অথবা বিকল্প কোনো স্থানে পরিকল্পনা বাস্তবায়ন করা হোক। অন্যথায় ব্যবসা টিকিয়ে রাখতে তারা সব ধরনের কর্মসূচি পালন করবেন।উল্লেখ্য, ওই স্থানে বিদ্যমান দোকানপাট ভেঙে সরকারি অর্থায়নে একটি আধুনিক দ্বিতল মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রকল্পের শুরু থেকেই স্থানীয় ব্যবসায়ীরা এর বিরোধিতা করে আসছেন। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর তারা একতলা মার্কেট নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করেন। সহকারী কমিশনার (ভূমি) আসাদুল হকের নির্দেশনার সময় এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬