
অপু দাস, ব্যুরো প্রধান রাজশাহী
মহান ভাষা আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের স্মরণে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা।সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও পাঠাভ্যাস বিস্তারের লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।শুক্রবার সকাল ১০টায় নগরীর বাটার মোড় এলাকায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশক, সংস্কৃতিকর্মী ও পাঠকরা উপস্থিত ছিলেন।শুরু থেকেই প্রাণবন্ত পরিবেশে জমে ওঠে বইমেলা প্রাঙ্গণ।আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাকে আরও বিস্তৃত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা জানান, ফেব্রুয়ারি মাস বাঙালির আত্মপরিচয়ের মাস। এই মাসে ভাষার কারিগর—লেখক, কবি, গবেষক ও প্রকাশকদের একত্রিত করে একটি মুক্ত সাংস্কৃতিক পরিসর তৈরি করতেই এ আয়োজন। বইয়ের পাশাপাশি কবিতা পাঠ, মুক্ত আলোচনা, সাহিত্য আড্ডা ও মতবিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী মেলাকে প্রাণবন্ত করে তোলা হবে।মেলায় রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকদের নতুন প্রকাশিত বই স্থান পেয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলার স্বনামধন্য ও উদীয়মান লেখকদের বইও প্রদর্শন করা হয়েছে। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গবেষণা,ইতিহাসভিত্তিক গ্রন্থ ও শিশু-কিশোর সাহিত্যসহ নানা ধারার বই পাঠকদের জন্য সাজানো হয়েছে।এছাড়া সংগ্রাহকদের জন্য কিছু দুর্লভ ও বিশেষ সংস্করণের বই প্রদর্শন করায় বইপ্রেমীদের মধ্যে আলাদা আগ্রহ লক্ষ্য করা গেছে।দুই দিনব্যাপী বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের আশা,এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বইপাঠে আগ্রহী করে তুলবে এবং বাংলা ভাষা ও সাহিত্যচর্চার ধারাকে আরও সমৃদ্ধ করবে। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।