
মনপুরায় মা ইলিশ ও জাটকা রক্ষায় সচেতনতামূলক সভা: আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা
=========================
মোঃ নিরব মনপুরা উপজেলা প্রতিনিধি ভোলা
=========================
২৫ ফেব্রুয়ারি ২০২৬
ভোলার মনপুরা উপজেলায় মা ইলিশসহ সকল ধরনের ছোট মাছ (জাটকা) শিকার রোধে দুই মাসব্যাপী (মার্চ-এপ্রিল) সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার সর্ববৃহৎ রামনেওয়াজ মৎস্য ঘাটে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু মুছা-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুবায়ের হোসেন রাজিব চৌধুরী।
সময়সীমা: ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
মেঘনা নদীসহ সংশ্লিষ্ট এলাকায় সকল প্রকার মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
শাস্তি: আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে।
নিষেধাজ্ঞা চলাকালীন নিবন্ধিত জেলেদের জন্য দ্রুত সরকারি প্রণোদনার চাল বিতরণের আশ্বাস দেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অত্যন্ত জরুরি। সরকার ঘোষিত এই দুই মাস নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। যদি কোনো জেলে আইন অমান্য করে নদীতে জাল ফেলে, তবে কোস্ট গার্ড ও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, “জেলেদের স্বার্থেই এই আইন করা হয়েছে। আইন লঙ্ঘন করে মাছ শিকার করলে আটক, জেল ও জরিমানা নিশ্চিত করা হবে এবং আমরা অভিযানে কঠোর অবস্থানে থাকব।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনপুরা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার, মৎস্য দপ্তরের কর্মকর্তা এবং রামনেওয়াজ মৎস্য ঘাটের ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ জেলেরা।