
বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁওয়ে সরকারি আদেশ ও আইন অমান্য করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সঁদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বাদিয়া মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল হক।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সরকারি আইন অমান্য করার অপরাধে বাদিয়া মার্কেট এলাকার ওসমান গনির ছেলে রমজান আলীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯(২) ও ৩ সংশ্লিষ্ট ধারায় ৫০০ (পাঁচশত) টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল হক উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সরকারি আইন বাস্তবায়নে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অভিযান চলাকালে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।