
ওবায়দুর রহমান সালথা উপজেলা
ফরিদপুরের সালথা উপজেলায় স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে ঘরের বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগে সাহিদ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া গ্রাম থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত সাহিদ শেখ ওই গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযোগ পাওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান পরিচালনা করছিল পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, সাহিদ শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে স্ত্রী জাহানারা বেগম ও ছেলে আশিক তাকে বারবার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি নিজ ঘরের বাঁশের খুঁটির সঙ্গে স্ত্রী ও সন্তানকে বেঁধে মারধর ও শারীরিক নির্যাতন করেন।
ঘটনার পর আশিক ও তার মা প্রাণভয়ে পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরবর্তীতে জাহানারা বেগম স্বামীর বিরুদ্ধে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাহিদ শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।