
রাজশাহী, ৪ মার্চ ২০২৬: মহানগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ, খাদ্যের মান নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল তিনটার দিকে নগরীর সাহেব বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রাজশাহীর নির্দেশনায় বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ ভ্রাম্যমাণ সামারি কোর্ট পরিচালনা করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। অভিযানের মূল লক্ষ্য ছিল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন, নির্ধারিত মূল্য এবং প্রয়োজনীয় অনুমোদনপত্র নিশ্চিত করা।
অভিযান চলাকালে সাহেব বাজার এলাকার বিভিন্ন মিষ্টির দোকান ও কাপড়ের মার্কেট ঘুরে দেখা হয়। দোকানগুলোর পণ্যের ওজন, মূল্য তালিকা, পণ্যের গুণগত মান, সংরক্ষণ পদ্ধতি এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। পরিদর্শনের সময় কয়েকটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সামারি ট্রায়ালের মাধ্যমে জরিমানা আরোপ করা হয়।
নবরূপ মিষ্টান্ন ভান্ডারে পণ্যের ওজনে কম দেওয়া এবং একটি পণ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না থাকার বিষয়টি প্রমাণিত হয়। এ দুই অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করেন।
এছাড়া মৌচাক মিষ্টি ভান্ডারে দই নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে কাপড়ের দোকান শেখ গার্মেন্টসে প্রয়োজনীয় ক্রয় রশিদ প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সিএমএম কোর্টের নাজির সোহেল রানা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিতভাবে সামারি কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষা এবং বিভিন্ন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাজারে অনিয়ম ও প্রতারণা রোধে কঠোর নজরদারি চালানো হবে। ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা অনিয়মের কোনো সুযোগ দেওয়া হবে না। নিয়মিত তদারকি ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থার ফলে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে এবং সাধারণ মানুষ ন্যায্য মূল্যে নিরাপদ পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।
রাজশাহী মহানগরকে আরও সুশৃঙ্খল ও ভোক্তাবান্ধব নগরীতে পরিণত করতে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।