
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় সাগর (২৪) ও সানারুল (১৬) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সাগর পিতা ফোরহাদ এবং সানারুল পিতা শহিদুল ইসলাম। তারা একই উপজেলার গোয়ালীমান্দ্রা বেদে পল্লী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার দিনগত রাত প্রায় ২টার দিকে সাতঘরিয়া মাঠ এলাকা থেকে বিদ্যুতের তার চুরির অভিযোগে তাদের আটক করা হয়।এরপর এলাকাবাসীর গণপিটুনির শিকার হন ওই দুই যুবক।গুরুতর আহত অবস্থায় সকালে তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে লৌহজং থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,সকালে ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়।তিনি জানান,মরদেহ দুটি পুলিশ হেফাজতে রয়েছে।সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানায়,ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।