
আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।বুধবার রাতে লৌহজং থানায় মামলাটি করেন নিহত ছানারুলের মা রোকসানা বেগম।মামলায় ৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।সব মিলিয়ে মামলায় মোট ২৯ জনকে আসামি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলম।তিনি জানান,বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।ভোর আনুমানিক ৩টা থেকে ৬টার মধ্যে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে।স্থানীয়রা সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগে দুই যুবককে আটক করেন।পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।এতে সাগর (২৫) ও ছানারুল (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে জেলা পুলিশের একাধিক দল অভিযান চালায়।অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন ফেরদৌস মাতবর (৩৬) শামীম আহম্মেদ (২৬) শাওন (২৮) নাইম (২০) ও আ:আউয়াল শেখ (২৬)।তাদের সবার বাড়ি লৌহজং উপজেলায়।পুলিশ সুপার জানান,গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।এদিকে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।