জামালপুর জেলা প্রতিনিধি: মোঃ আজাদ হোসেন নিপু
জামালপুর জেলা শহরের দড়িপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মোঃ তাইফুর (৪০)-কে আটক করেছে পুলিশ।নিহত গৃহবধূর নাম তাহমিনা আক্তার তানিয়া (৩৬)। তিনি মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে। পুলিশ তার দগ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় যে, প্রায় ১৭ বছর আগে তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার বাসিন্দা আইনজীবী হোসাইন মোঃ তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে তাসফিক ও এক মেয়ে তাহা রয়েছে। তবে দীর্ঘদিন ধরেই স্বামীর মাদকাসক্তি এবং পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে নানা ধরনের বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।নিহতের স্বজনদের দাবি, ঘটনার আগের দিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাসায় যান তানিয়া। এরপর রাত প্রায় দেড়টার দিকে পরিবারের সদস্যরা খবর পান, তানিয়াকে হত্যা করা হয়েছে।নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল বলেন, “রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন ফোন করে জানায় তার বোনকে হত্যা করা হয়েছে। আমরা এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।এদিকে স্থানীয় বাসিন্দা শাকিল লস্কর জানান, রাত দেড়টার দিকে আশপাশের লোকজন ধোঁয়া বের হতে দেখে ঘটনাস্থলে ছুটে যান। পরে বাইরের কাচের জানালা ভেঙে ঘরের ভিতরে তাকালে দেখা যায়, খাটের উপর দগ্ধ অবস্থায় পড়ে আছে তানিয়ার নিথর দেহ।
খবর পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী হোসাইন মোঃ তাইফুরকে আটক করা হয়।জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি এবং বাসার ভিতর থেকে মরদেহ উদ্ধার করি।প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে অভিযুক্ত আইনজীবীর সংসারে অশান্তি চলছিল।এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬