
মিঠাপুকুরে অবৈধ সার মজুদের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
মো:সজল সরকার।
মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি রংপুর।
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকায় অবৈধ ও অনুমোদনহীন উপায়ে সার মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (৮ মার্চ, ২০২৬) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন ছাড়াই এবং সারের বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে জায়গীরহাট এলাকার কিছু ব্যবসায়ী অবৈধভাবে সার মজুদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ এর আওতায় তিনটি ভিন্ন মামলায় তিন ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ লোকমান হেকিম। তিনি সারের সঠিক বিপণন ও কৃষকদের কাছে ন্যায্য মূল্যে সার পৌঁছানো নিশ্চিত করতে নিয়মিত তদারকির ওপর জোর দেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান জানান, সারের বাজারে কৃত্রিম সংকট রোধ এবং কৃষকের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরণের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।