
অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। একই সঙ্গে প্রেসক্লাবের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (৮ মার্চ) রাজশাহী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সরদার শরিফ উদ্দিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, প্রেসক্লাবের একজন দায়িত্বশীল নেতার ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু এবং রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমানকে। তদন্ত কমিটিকে ঘটনার সার্বিক দিক পর্যালোচনা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন এবং পাঠাগার সম্পাদক সুরুজ আলীকে সাময়িকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে সভায় জানানো হয়।সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং গোটা সাংবাদিক সমাজকে আঘাত করে। তাই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।সাংবাদিক নেতারা আরও বলেন, সংবাদকর্মীদের নিরাপদ পরিবেশে কাজ করার অধিকার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনসহ সকল মহলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।