
আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে এবার আম গাছে গাছে মুকুলের সমারোহ দেখা যাচ্ছে।জেলার বিভিন্ন উপজেলার আমবাগানগুলো এখন হলুদাভ মুকুলে ভরে উঠেছে। এতে করে আমচাষিদের মাঝে দেখা দিয়েছে নতুন আশার আলো।জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলার অধিকাংশ আমবাগানেই এখন মুকুলের ঘ্রাণে ভরে উঠেছে চারপাশ। গাছে গাছে নতুন মুকুল আসায় চাষিদের মুখে ফুটেছে হাসি।স্থানীয় আমচাষিরা জানান, শীতের শেষে আবহাওয়া অনুকূলে থাকায় এবার গাছে গাছে প্রচুর মুকুল এসেছে। যদি প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বা অতিবৃষ্টি না হয়,তাহলে এ বছর আমের ভালো ফলনের আশা করছেন তারা।গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন,এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আম গাছে ভালো মুকুল এসেছে। তবে এই সময়ে পোকামাকড় ও রোগবালাই থেকে মুকুল রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।এজন্য কৃষকদের নিয়মিত বাগান পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।চাঁপাইনবাবগঞ্জের আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হওয়ার পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়।তাই এবার মুকুলের এই প্রাচুর্য ধরে থাকলে আমচাষিদের পাশাপাশি জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।