
জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় ভেজাল জিরা মসলা তৈরির অভিযোগে একটি মসলা কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে।সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর (পূর্বপাড়া) এলাকায় অবস্থিত মেসার্স শাহীন ট্রেডার্স নামের একটি মসলা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এবং র্যাবের একটি আভিযানিক দল। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর, বগুড়া।ভ্রাম্যমাণ আদালতে ভেজাল জিরা মসলা উৎপাদনের অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৫ ও ২৬ ধারা লঙ্ঘনের দায়ে এবং ৫৮ ধারায় কারখানার মালিক মো. শাহীন আলম (৩২)-কে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতা মো. জাহিদুর রহমান।র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।