
বাউফলে গভীর রাতে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি, ক্ষতিগ্রস্ত কৃষক নিঃস্ব
পটুয়াখালী বাউফলে গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে ৮ মাচ রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ বজলু শরীফ (৬৫) জানান, চুরি হওয়া চারটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। দীর্ঘদিনের কষ্টার্জিত পরিশ্রমে লালন-পালন করা গবাদিপশু হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে বজলু শরীফ বলেন,
“খেয়ে না খেয়ে কষ্ট করে গরুগুলো বড় করেছি। জীবনে এমন সর্বনাশ হবে ভাবিনি। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এই শোক সইতে পারছি না আল্লাহ যেন আমাকে নিয়ে যান।”
প্রতিবেশী মিরাজ নামে এক ব্যক্তি জানান, প্রতিদিনের মতো তিনি রাতে ছাগলছানাকে দুধ খাওয়াতে ঘুম থেকে ওঠেন। তখন আনুমানিক সাড়ে ১২টা বাজে। এ সময় তিনি ধীরগতিতে একটি পিকআপ গাড়ি চলার শব্দ শুনতে পান। গাড়িটি তার বাড়ির পাশ দিয়ে মূল সড়ক হয়ে শরীফ বাড়ির সামনে গিয়ে থামে। তবে তখন তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি। সকালে ঘুম থেকে উঠে গরু চুরির খবর জানতে পারেন। তিনি আরও বলেন, এর আগেও এলাকায় একই ধরনের চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাতিলাপাড়া গ্রামে নিয়মিত চুরি হচ্ছে—বাড়িঘর, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন সম্পদ চুরি হয়ে যাচ্ছে। থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো চোর শনাক্ত বা গ্রেপ্তার হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন