
অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী
রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ মোট ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি মিলনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল।র্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে র্যাব। সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ছিনতাইকারী, ডাকাত, অপহরণকারী, প্রতারকসহ নানা অপরাধে জড়িতদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি।এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির সদস্যরা গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল প্রায় ৫টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং মোট ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি মিলনকে গ্রেফতার করা হয়।র্যাব জানায়, গ্রেফতারকৃত মিলন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থেকে রাজশাহী মহানগরী ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, মিলনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে রাজপাড়া থানায় দায়ের করা চোরাই মালামাল সংরক্ষণ সংক্রান্ত মামলা, শাহ মখদুম থানায় মারধর, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা এবং তানোর থানায় চুরির অভিযোগে দায়ের করা মামলা উল্লেখযোগ্য।এছাড়াও কাশিয়াডাঙ্গা থানায় বাড়িঘরে চুরি সংক্রান্ত মামলা, রাজপাড়া ও বোয়ালিয়া থানায় ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলা এবং বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একাধিক মামলায় তিনি অভিযুক্ত রয়েছেন। পাশাপাশি পূর্বের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ অনুযায়ী দায়ের করা মামলাতেও তার নাম রয়েছে। এছাড়া জুয়া আইনের একটি মামলাতেও তিনি অভিযুক্ত বলে জানা গেছে।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৫ রাজশাহী সূত্রে জানা গেছে।