
মো: শাহীন হাওলাদার
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এফডিএফ-এর উপদেষ্টা আশরাফুল ইসলাম, টিআইবি’র সহ-সভাপতি মনোয়ারা মোরশেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করা, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন। এ সময় বক্তারা ফরিদপুরকে একটি নারীবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।