
জহিরুল ইসলাম হৃদয় জেলা প্রতিনিধি
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। আজ মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার শ্রীনদী নামক এলাকার শাখারপাড় ব্রিজের নিচে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাখারপাড় ব্রিজের নিচ থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন ও পাইপের মাধ্যমে তা অন্যত্র সরবরাহ করে আসছিল। এরই প্রেক্ষিতে রাজৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদ নিয়াজ শিশির সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের হাতে-নাতে প্রমাণ পাওয়ায় অভিযুক্ত ইউনুস মোল্লাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। দণ্ড প্রদানের পাশাপাশি জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন এবং দীর্ঘ এলাকাজুড়ে বিস্তৃত বিপুল পরিমাণ পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়।
প্রশাসনের বক্তব্য: অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদ নিয়াজ শিশির জানান, সরকারি নির্দেশ অমান্য করে এবং পরিবেশের ক্ষতি করে যারা নদী থেকে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই কড়া নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নদীর তলদেশ রক্ষা এবং ব্রিজের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।